বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর পাওয়া গেছে। নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন তাঁর পক্ষে নিয়োজিত যুক্তরাজ্যের স্বনামধন্য আইনি প্রতিষ্ঠান Matrix Chambers-এর আইনজীবীরা।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
লন্ডনভিত্তিক Matrix Chambers যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত ও আন্তর্জাতিকভাবে পরিচিত একটি Barristers’ Chambers। মানবাধিকার, আন্তর্জাতিক আইন, অভিবাসন, সাংবিধানিক ও জনস্বার্থসংশ্লিষ্ট আইনি বিষয়ে প্রতিষ্ঠানটির বিশেষ পরিচিতি রয়েছে। এমন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনে আনুষ্ঠানিক আইনি যোগাযোগ নিঃসন্দেহে ঘটনাটিকে নতুন গুরুত্ব দিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে শেখ হাসিনার পূর্ববর্তী বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
একই সঙ্গে বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তি ও বাধ্যবাধকতার আলোকে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতার পালাবদলের পর শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে অবস্থান করছেন। এরপর তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের বিষয়টি সামনে আসে।
সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার পরিকল্পনার কথাও বলেছেন।
নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য এই আইনি উদ্যোগকে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে কবে নাগাদ আবেদন নিষ্পত্তি হবে এবং বাংলাদেশ হাইকমিশন কী সিদ্ধান্ত নেবে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। ফলে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তাঁর নাগরিক পরিচয়সংক্রান্ত আইনি উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
