বাংলাদেশ ছাত্রলীগের আহ্বানে আগামী ১০ নভেম্বর অনুষ্ঠেয় ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট’ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে কর্মসূচি সফল করতে দলটির সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ সমর্থনের কথা জানানো হয়।
বিবৃতিতে আওয়ামী লীগ জানায়, আগামী ১০ নভেম্বর গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির পেছনে বেশ কয়েকটি দাবির কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে দেওয়া রায় বাতিল, মামলা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ, ক্লাস-পরীক্ষা ও আবাসনের অধিকার নিশ্চিত করা।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে বহিষ্কারাদেশ বাতিল, চাকরিতে হয়রানি ও রাজনৈতিক যাচাই-বাছাই বন্ধ, মেধার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা, শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বর্তমান সরকারের সমালোচনা করে আওয়ামী লীগ দাবি করেছে, দেশের শিক্ষা ও সামগ্রিক পরিস্থিতি সংকটের দিকে যাচ্ছে। এ পরিস্থিতিতে জাতীয় স্বার্থে প্রতিবাদ ও ঐক্য গড়ে তোলার বিকল্প নেই বলেও দলটির পক্ষ থেকে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, ছাত্রসমাজ, অভিভাবক ও সাধারণ মানুষের স্বার্থে ছাত্রলীগের আহ্বান করা ধর্মঘট কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বিবৃতির শেষাংশে ১০ নভেম্বরের কর্মসূচি সফল ও সার্থক করতে আওয়ামী লীগের সব শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
