মাত্র দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। জানাজা ও দাফন শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এ সময়ের মধ্যেই মায়ের জানাজায় অংশ নেন তিনি।
হাবিবের মা বিলকিস আমিন (৭০) বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় মারা যান। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা ছিলেন।
রাত ৮টার পর ৩ নম্বর ওয়ার্ডের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মায়ের দাফন সম্পন্ন করে আবার কারাগারে ফিরে যান হাবিব।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য বিকেল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দুই ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল হাবিবকে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান জানান, জানাজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
