শ্রমিক বিক্ষোভ আজও দুই শতাদিক কারখানা ছুটি ঘোষণা

অবশ্যই পরুন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে গাজীপুর, সাভার, আশুলিয়া ও রাজধানীর মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কোথাও মহাসড়ক অবরোধ, আবার কোথাও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে গাজীপুরে রয়েছে প্রায় ১৫০টি। অন্যদিকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে প্রায় ৬০টি কারখানা। পরিস্থিতির ওপর নির্ভর করে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। একই দাবিতে কোনাবাড়ী, সফিপুর ও মৌচাক এলাকার শ্রমিকরাও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সোমবার ১৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

এদিকে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। সকাল থেকে বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আশুলিয়া শিল্পাঞ্চলের অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কয়েকটি কারখানার শ্রমিক কাজ বন্ধ রেখে রাস্তায় নেমেছেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে রাজধানীর মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর এলাকার প্রধান সড়কে শ্রমিকদের উপস্থিতি থাকলেও সোমবার সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। ফলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন। মিরপুর-১০ এলাকা থেকে একজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া কাফরুল থানা পুলিশ আরও পাঁচজনকে আটক করেছে বলে জানা গেছে। সকালে মিরপুর-১১ এলাকায় কয়েক দফায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকালে সচিবালয়ে পোশাকশিল্প মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপারের ইশারায় একটি পক্ষ শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

মন্ত্রী বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে।

তিনি আরও অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার বিকেলে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। সেখানে চলমান আন্দোলন ও শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত

শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার (১ নভেম্বর) সংগঠনটির উত্তরা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়, নতুন করে মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, শ্রমিকরা কাজে না ফিরলে প্রতিদিন কারখানা চালু রাখা মালিকদের জন্য কঠিন হয়ে পড়বে। এ পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারা অনুসরণ করে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা।

তিনি আরও জানান, শ্রমিকদের কাজে অনুপস্থিতির কারণে রোববার ৫২৯টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ