গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্যও আসবে না: নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

গঙ্গার পানি বাংলাদেশে না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। অন্যথায় ভারতীয় পণ্যের প্রবেশ, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নদীতে পানি না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। পানি না এলে কোনো করিডর বা ট্রানজিট হবে না। বাংলাদেশের নদীতে পানি না এলে এ দেশে কোনো ভারতীয় চ্যানেলও চলতে দেওয়া হবে না। এ সময় তিনি মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের কথা স্মরণ করেন। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে আবারও লংমার্চের জন্য প্রস্তুত রয়েছেন তাঁরা।

সরকারের ঋণ নেওয়ার উদ্যোগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার এখন বিভিন্ন জায়গায় ঋণের জন্য ঘুরছে। কিন্তু কেউ সরকারকে বিশ্বাস করছে না, ঋণও দিচ্ছে না। জাপান বাংলাদেশের বন্ধুরাষ্ট্র এবং অতীতেও দেশটি বাংলাদেশে বিনিয়োগ করেছে। তবে মাতারবাড়ী প্রকল্প নিয়ে জাপানের সঙ্গে সরকারের কী কী চুক্তি হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। কোনো ধরনের ধোঁয়াশা না রেখে সংসদে আলোচনা ছাড়া জাতীয় কোনো চুক্তি পাস করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। চুক্তির মাধ্যমে ভারতকে কোনো অবৈধ করিডর বা ট্রানজিট সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে তা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।

সংবিধান সংশোধন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিন আহমেদ তাঁর কাছে মতামত চেয়েছেন। তবে এ বিষয়ে মতামত দেওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, নির্বাচনের আগেই আলোচনা সম্পন্ন হয়েছে। এখন নতুন করে আলোচনার পরিবর্তে বাস্তবায়নের সময়। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে। এর ব্যত্যয় ঘটলে জনগণ, বিরোধী দল, তরুণ প্রজন্ম ও শ্রমিকেরা তা মেনে নেবে না।

শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকেরা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করছেন। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ালেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এ বৈষম্য মেনে নেওয়া যায় না। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে সভাপতিত্ব করেন যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ