জাবিতে যুদ্ধাপরাধী সাঈদীর কুশপুত্তলিকা দাহ, শিক্ষার্থীদের প্রতিবাদ

অবশ্যই পরুন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা দেওয়ার অভিযোগ এবং তাঁকে যথাযথ রাষ্ট্রীয় সম্মান না দেওয়ার প্রতিবাদে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর কুশপুত্তলিকা দাহ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে সেখানে প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।

কুশপুত্তলিকায় ‘পাকিস্তানের দালাল’ ও ‘যুদ্ধাপরাধী দেইল্যা রাজাকার’ লেখা ছিল। কর্মসূচিতে অংশ নেওয়া ১০ থেকে ১২ জন শিক্ষার্থী মুক্তিযোদ্ধার দাফনপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগের পাশাপাশি তাঁকে যথাযথভাবে গার্ড অব অনার না দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচির সঞ্চালক বাংলা বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান কবির রাসেল বলেন, রাজাকারি মানসিকতা বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তানপন্থি চিন্তাধারা টিকিয়ে রাখতে চায়। তাঁর অভিযোগ, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও একজন মুক্তিযোদ্ধাকে গোপনে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ ছাড়া সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী এ টি এম আজহারকে সংসদে বসানোর ঘটনাকেও তিনি লজ্জাজনক বলে মন্তব্য করেন।

রাসেল আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাজাকারদের ছবি প্রদর্শনের ঘটনার পর তাঁরা আশা করেছিলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু বর্তমান সরকারের আমলেও মুক্তিযোদ্ধাকে গোপনে গার্ড অব অনার দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া অভিযোগ করেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে স্বাভাবিকভাবে দাফন এবং যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদানের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়েছে।

তিনি বলেন, কারা এ বাধা সৃষ্টি করেছে, তা চিহ্নিত করা প্রয়োজন। তাঁর অভিযোগ, একটি গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এমনকি একজন মুসলিমের দাফনপ্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সোহাগী সামিয়া আরও বলেন, যারা ২০২৪ সালের চেতনার কথা বলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, তাদের অবস্থান সম্পর্কে সচেতন থাকা জরুরি। তাঁর মতে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে না পারলে ২০২৪ সালের চেতনাকেও যথাযথভাবে ধারণ করা সম্ভব নয়।

তিনি অভিযোগ করেন, একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি।

ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনার ওপর কোনো আঘাত এলে অল্পসংখ্যক মানুষ নয়, বরং হাজারো মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে বলে হুঁশিয়ারি দেন এই শিক্ষার্থী।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ