রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির

অবশ্যই পরুন

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।


সংস্থাটি বলেছে, সাংবাদিকতার কারণে কোনো সাংবাদিককে টার্গেট করা বা তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগের বিষয়।


ফারজানা রূপা ও মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সংবাদ প্রচারের সঙ্গে সম্পর্কিত। ওই সময় একাত্তর টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয়েছে।


অভিযোগে বলা হয়েছে, ওই প্রতিবেদনে শাপলা চত্বরের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রচার করা হয়েছিল এবং প্রকৃত মৃত্যুর সংখ্যা আড়াল করার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে কার্যক্রম চলছে।


তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, কোনো সংবাদ বা মতামত কারও কাছে আপত্তিকর, বিস্ময়কর কিংবা অস্বস্তিকর হলেও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সেটিকে সুরক্ষা দেয়।

সাংবাদিকদের তাদের প্রতিবেদন বা রাজনৈতিক পক্ষের সঙ্গে কথিত সম্পৃক্ততার কারণে টার্গেট করা উচিত নয় বলেও মন্তব্য করেছে সংস্থাটি।


অ্যামনেস্টির পক্ষ থেকে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি সাংবাদিকতার সঙ্গে সম্পর্কিত অভিযোগগুলো অবিলম্বে প্রত্যাহার এবং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।


সংস্থাটি আরও বলেছে, একটি অধিকারভিত্তিক সমাজে সুস্থ জনপরিসর ও মুক্ত বিতর্কের জন্য মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান নিশ্চিত করা জরুরি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ