যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মাধ্যমে চলতি বছরে বোয়িংয়ের সঙ্গে বিমানের মোট ক্রয়াদেশ দাঁড়িয়েছে ২৫টি উড়োজাহাজে। নতুন চুক্তিতে রয়েছে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮।
চুক্তিটি এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন করে আলোচনায় রয়েছে। Reuters-এর প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানিতে শুল্কসংক্রান্ত উদ্বেগের মধ্যেই ঢাকার সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রেক্ষাপটে বোয়িং ক্রয়ের সিদ্ধান্তটি এসেছে। তবে বাংলাদেশি কর্মকর্তারা বলেছেন, উড়োজাহাজ কেনার বিষয়টি বিমানের বহর সম্প্রসারণ ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সম্পর্কিত।
অন্যদিকে, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বও বড়। ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি হয়েছে প্রায় ১৯.০৬ বিলিয়ন ডলারের, যা দেশের মোট পোশাক রপ্তানির ৪৯.২৫ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছে ৭.৭৪ বিলিয়ন ডলার, যা মোট পোশাক রপ্তানির ২০.০১ শতাংশ।
এ অবস্থায় প্রশ্ন উঠছে, বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রপ্তানি বাজার ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের প্রস্তাবগুলো কতটা মূল্যায়ন করা হয়েছে।
