জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা হয়েছে।
দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে মানুষের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বলছেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন, কৃষি, পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার খরচও বাড়তে পারে। এর প্রভাব শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়ার আশঙ্কা করছেন তারা।
ক্ষুব্ধ কয়েকজন ভোক্তার ভাষ্য, আগের সরকারের সময়ের তুলনায় বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় নিয়ে তারা বেশি চাপ অনুভব করছেন। তাদের কেউ কেউ আওয়ামী লীগ সরকারের আমলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন—‘আগেই ভালো ছিলাম।’
