নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার

অবশ্যই পরুন

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে নিখোঁজের সাত দিন পর কামরুন্নাহার কলি নামে ১০ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কলি কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে গিয়েছিল কলি। বাজার শেষে বাড়িতে ফিরে মায়ের হাতে বাজারের ব্যাগ দিয়ে বাড়ির পাশে যায় সে। এরপর আর বাড়িতে ফেরেনি। পরে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তার পরিহিত স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।
অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শিশুটির বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পর স্বজন ও সহপাঠীরা শিশুটির সন্ধান দাবিতে প্রচার চালানোর পাশাপাশি ১৫ সেপ্টেম্বর পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
এর একদিন পর বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় একটি বস্তা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে।
শিশুটির বাবা কামাল প্রামাণিক মেয়ের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ