ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিচ্ছেন না। তাঁকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি এমন অভিযোগকে কেন্দ্র করে ইতোমধ্যে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও অতীতে বিভিন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রতিবেশী ও অংশীদার দেশগুলোকে আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানোর নজির রয়েছে। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পদ্ধতি নিয়েই প্রশ্ন উঠেছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে যে আমন্ত্রণ পাঠানো হয়েছে, সেটি পাঠানো হয়েছে বিমসটেকের (BIMSTEC) চেয়ার-এর কাছে। বর্তমানে বিমসটেকের চেয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা কী করে যাব? বাংলাদেশ সরকারের থেকে কাউকে আমন্ত্রণ করা হয়েছে? আমাদের প্রধানমন্ত্রীকে ঠিকভাবে আমন্ত্রণই জানানো হয়নি!”
বাংলাদেশ সরকার বর্তমানে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। তাঁর মতে, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরি হলে দ্বিপাক্ষিক সফরের বিষয়ে এগোনো যেতে পারে। এ নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।
ফলে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অনুপস্থিতির পাশাপাশি ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বর্তমান পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে।
