শিবির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ঢাবি শিক্ষিকা মোনামীর

অবশ্যই পরুন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তাঁর দাবি, তাঁকে বিভিন্ন পোস্টে বারবার ট্যাগ করে এবং মন্তব্যের মাধ্যমে হেনস্তা করা হচ্ছে।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন এই শিক্ষক।

পোস্টে শেহরীন আমিন মোনামী দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্লাসের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাঁদের মধ্যে একজন শিবিরের সমর্থক বা সংগঠনটির সঙ্গে যুক্ত বলে তিনি উল্লেখ করেন। ওই মন্তব্যের ঘটনায় হয়রানির শিকার ব্যক্তিদের তালিকায় তাঁকেও রাখা হয়েছিল বলে জানান তিনি।

বিষয়টি জানতে পেরে তিনি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁদের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নেন বলে জানান। তাঁর ভাষ্য, এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে লক্ষ্য করে হয়রানিমূলক আচরণ শুরু হয়েছে।

নিজের পোস্টে শেহরীন আমিন মোনামী বলেন, তাঁকে নিয়মিত বিভিন্ন পোস্টে ট্যাগ করা হচ্ছে এবং নানা ধরনের মন্তব্য ও কটূক্তির মাধ্যমে বিব্রত করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের কারণেও তাঁকে উদ্দেশ্য করে এমন আচরণ করা হয়ে থাকতে পারে।

শিক্ষিকার দাবি, তিনি অতীতে শিবিরের কিছু কর্মকাণ্ডের ইতিবাচক দিক নিয়ে কথা বলেছিলেন। সেই বিষয়টিকেও এখন তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে তিনি মনে করছেন।

তিনি আরও বলেন, একজন নারীকে সরাসরি কিংবা পরোক্ষভাবে হয়রানি করাই যেন এসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী বা শিবিরের সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ