বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধা আর নেই

অবশ্যই পরুন

বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধা ফিরোজা বেগম মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মৃত নিজাম উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা ঢাকা থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় পথচারী ফিরোজা বেগমকে গাড়িটি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের জমিতে গিয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রীও সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ