বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীসহ যাদের দীর্ঘদিন বিনাবিচারে আটক রাখা হয়েছে, তাদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটি বলেছে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা পর্যাপ্ত প্রমাণ ছাড়া কাউকে দীর্ঘদিন কারাগারে আটক রাখা উচিত নয়। আটক ব্যক্তিদের প্রতিটি মামলা পৃথকভাবে পর্যালোচনা করে আইনসম্মত ও প্রয়োজনীয় না হলে তাদের মুক্তি দিতে হবে অথবা দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
এইচআরডব্লিউ আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক আইনপ্রণেতা, দলটির সমর্থক, কর্মকর্তা ও সাংবাদিক রয়েছেন। তাদের অনেকেই বয়স্ক ও অসুস্থ হওয়া সত্ত্বেও জামিন ও প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সংস্থাটির এশিয়াবিষয়ক পরিচালক এলাইন পিয়ারসন বলেন, রাজনৈতিক বিরোধীদের প্রমাণ বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া দীর্ঘদিন আটকে রাখা বন্ধ করা উচিত। একই সঙ্গে কারাগারে মৃত্যুর ঘটনাগুলোর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।
মানবাধিকার সংস্থাটির এই অবস্থান দীর্ঘদিন ধরে আটক থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও দ্রুত আইনি প্রতিকার পাওয়ার প্রত্যাশা তৈরি করেছে।
