বিদ্যুৎ সরবরাহের স্বল্পতার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নির্ধারিত সূচি অনুযায়ী লোডশেডিং করা হবে। এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (DPDC) বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছে।
রোববার (২৩ আগস্ট) বুয়েটের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী লোডশেডিংয়ের সময় বুয়েটের নিজস্ব জেনারেটরের মাধ্যমে সব স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বুয়েটে লোডশেডিংয়ের সময়সূচি হলো—সকাল ৬টা থেকে ৭টা, সকাল ১০টা থেকে বেলা ১১টা, বেলা ২টা থেকে ৩টা, রাত ১২টা থেকে ১টা এবং রাত ৩টা থেকে ৪টা। প্রতিটি সময়ে এক ঘণ্টা করে লোডশেডিং থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের প্রধান প্রকৌশলী ড. এ কে এম জাহাঙ্গীর আলম বলেন, ‘রোববার বিকেলে নোটিশটি জারি করেছি। আমরা চেষ্টা করছি, যেন লোডশেডিং না দিতে হয়। ডিপিডিসি যেই মুহূর্তে বিষয়টি সমাধান করতে পারবে, তখনই স্বাভাবিক হবে।’
তবে কতদিন লোডশেডিং চলতে থাকবে, এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
ন্যাশনিক্স/এলকে
