যুক্তরাজ্য ছাত্রলীগ, সারে শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের সিডনি স্ট্রিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সারে ছাত্রলীগের সভাপতি বদরুদ্দোজা আকাশ ও সাধারণ সম্পাদক আলীনূর আলমের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তাৎক্ষণিকভাবে আয়োজনের পরিকল্পনা হওয়ায় স্বল্প সময়ের নোটিশে হোয়াইটচ্যাপেল ও আশপাশের এলাকার নেতাকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। এতে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণ করে যুক্তরাজ্যে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ রাখতে সারে ছাত্রলীগ কাজ করে যাবে।
