মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ হাতবোমা বিস্ফোরিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো, আমি জানি না।’
মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছে।’
এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
ন্যাশনিক্স/এলকে
