আজ থেকে ঠিক ৯ বছর আগে, ২০১৭ সালের ৭ আগস্ট সিলেটের জালালাবাদ কলেজ ক্যাম্পাসে সংঘটিত হয় বহুল আলোচিত একটি হামলার ঘটনা। অভিযোগ অনুযায়ী, কলেজ ক্যাম্পাসে মা ও শিশু হাসপাতালের সামনে সিলেট মহানগর ছাত্রলীগের ছাত্রনেতা আবুল কালাম আসিফ ও শাহীন আহমেদের ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালায় ছাত্র শিবিরের সন্ত্রাসীরা।
হামলায় আবুল কালাম আসিফের ডান হাতের রগ এবং বাম পায়ের গোড়ালির রগ কেটে দেওয়া হয়। অপরদিকে শাহীন আহমেদের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং তার বাম হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ নৃশংস হামলার ঘটনায় সিলেটসহ সারাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠনের উদ্যোগে প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে।
দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও আলোচিত এ হামলার সুষ্ঠু ও দৃশ্যমান বিচার এখনও সম্পন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী, তাদের পরিবার, সহযোদ্ধা এবং সাধারণ মানুষ আজও এই হামলার বিচার দাবি করে আসছেন। তাদের ভাষ্য, এমন নৃশংস হামলার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হামলার নবম বার্ষিকীতে বিভিন্ন মহল ঘটনার স্মৃতিচারণ করে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
