শিক্ষামন্ত্রীর সভায় সিদ্ধান্ত: চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে যথাসময়ে

অবশ্যই পরুন

জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিভাগের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ জুলাই) চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ড চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, সারাদেশে পরীক্ষা গ্রহণের জন্য সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। গতকাল সোমবার একটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। ফলে ওই বিভাগের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোনো পরীক্ষা কেন্দ্রে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র স্থানান্তরের সুযোগ রয়েছে। ইতোমধ্যে পরিস্থিতির কারণে কুমিল্লার একটি কেন্দ্র স্থানান্তর করা হয়েছে।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কর্মকর্তারা জানান, একটি কেন্দ্রের ভিডিও অথবা পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের এ ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পরীক্ষার্থীরা যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে ও নিরাপদে পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষা সংক্রান্ত যেকোনো সর্বশেষ তথ্যের জন্য শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ অনুসরণ করতে বলা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ