চট্টগ্রাম বিভাগে বন্যায় ১ লাখ ১২ হাজার পশুপাখির মৃত্যু, ক্ষতি ৩০ কোটি টাকা

অবশ্যই পরুন

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা বন্যার পানিতে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় প্রাণিসম্পদ খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি প্রাথমিক হিসাবে, বন্যায় ১ লাখ ১২ হাজার ৮২৭টি গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে। একই সঙ্গে খামার ও পশুখাদ্যের ব্যাপক ক্ষতিসহ মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি ১৫ লাখ টাকা।

বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর ১২ জুলাই প্রকাশিত প্রাথমিক ক্ষয়ক্ষতির প্রতিবেদনে জানিয়েছে, মারা যাওয়া প্রাণীর মধ্যে রয়েছে ৪৬টি গরু, ১২৩টি ছাগল, ৪০টি ভেড়া, ১ লাখ ১১ হাজার ৯৮টি মুরগি এবং ১ হাজার ৫২১টি হাঁস। শুধু প্রাণীর মৃত্যুর কারণেই আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, বিভাগের ৩৬টি উপজেলার ১৫৬টি ইউনিয়নে গবাদিপশুর খাদ্যেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানিতে মোট ১৮ হাজার ৪৬৮ টন খড়, ঘাস ও দানাদার খাদ্য নষ্ট হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৯২০ টন খড়ের মূল্য প্রায় ১৭ কোটি ৮৮ লাখ টাকা, ৬ হাজার ৪৩০ টন কাঁচা ঘাসের মূল্য প্রায় ৬ কোটি ৮৬ লাখ টাকা এবং ১১৮ টন দানাদার খাদ্যের মূল্য প্রায় ৭০ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে পশুখাদ্য খাতে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ২৫ কোটি ৪৫ লাখ টাকা।

এ ছাড়া বন্যায় বিভাগের ৩৩টি প্রাণিসম্পদ কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ২ হাজার ১২৬ একর চারণভূমি। পাশাপাশি ৬৫টি খামারের ৮৩০টি পশুপাখি ক্ষতিগ্রস্ত হয়েছে। খামার-সংক্রান্ত এসব ক্ষতির আর্থিক মূল্য প্রায় ৭২ লাখ টাকা।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলায়। সেখানে মারা গেছে ৩৫টি গরু, ৮৭টি ছাগল, ৪০টি ভেড়া, ১ লাখ ৩৯৫টি মুরগি এবং ১ হাজারটি হাঁস। শুধু প্রাণীর মৃত্যুর কারণে এ জেলায় ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৮৭ লাখ টাকা। খাদ্য ও খামারের ক্ষতিসহ মোট আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ২৮ কোটি ১৭ লাখ টাকা।

কক্সবাজারে বন্যায় মারা গেছে ৮টি গরু, ১২টি ছাগল, ৭ হাজার ৫০৩টি মুরগি এবং ৫২১টি হাঁস। প্রাণীর মৃত্যুর কারণে জেলাটিতে ক্ষতির পরিমাণ প্রায় ৭৭ লাখ ৯১ হাজার টাকা। খামার ও পশুখাদ্যসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ৫২ লাখ টাকা।

পার্বত্য জেলা বান্দরবানে ১টি গরু, ১০টি ছাগল এবং ১ হাজারটি মুরগির মৃত্যু হয়েছে। সেখানে প্রাণীর মৃত্যুর ক্ষতি প্রায় ৫ লাখ টাকা এবং মোট ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। রাঙ্গামাটিতে মারা গেছে ১টি গরু, ১১টি ছাগল ও ১ হাজার ৫০০টি মুরগি। প্রাণীর মৃত্যুর ক্ষতি প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা এবং মোট ক্ষতি প্রায় ১৪ লাখ ৮৫ হাজার টাকা।

সবচেয়ে কম ক্ষতি হয়েছে খাগড়াছড়ি জেলায়। সেখানে ৩টি ছাগল ও ৭০০টি মুরগি মারা গেছে। প্রাণীর মৃত্যুর কারণে ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা। পশুখাদ্যসহ মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব। বন্যার পানি পুরোপুরি সরে যাওয়ার পর মাঠপর্যায়ে পুনর্মূল্যায়ন শেষ হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন এবং জরুরি ভিত্তিতে গবাদিপশুর খাদ্য সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তারা জানিয়েছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ