প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারত সফরে গিয়ে দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি রোববার ঢাকা থেকে নয়াদিল্লি যান।
উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে কিছু সময় অপেক্ষা করিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ভারতীয় কর্তৃপক্ষ তার প্রবেশের অনুমতি দিলেও তিনি ভারতে অবস্থান না করার সিদ্ধান্ত নেন এবং দেশে ফেরার উদ্যোগ নেন।
সূত্র জানায়, তিনি সাধারণ পাসপোর্ট ব্যবহার করে সফরে গিয়েছিলেন। বিমানবন্দরে নামার পর তাকে নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে আটকে রাখা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত একটি পর্যবেক্ষণ তালিকায় তার নাম থাকায় অভিবাসন কর্মকর্তারা অতিরিক্ত যাচাইয়ের জন্য তাকে আলাদা করেন। পরে প্রশাসনিক কিছু অসঙ্গতি দূর হওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়।
তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিমানবন্দরে তার সঙ্গে হওয়া আচরণে অসন্তুষ্ট হয়ে তিনি ভারতে প্রবেশ না করে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, জাহেদ উর রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আন্তর্জাতিক একটি সম্মেলনে অংশ নেওয়ার উদ্দেশ্যে ভারত সফরে গিয়েছিলেন।
ন্যাশনিক্স/উপদেষ্টা
