ছাত্রদল ও যুবদল নেতার জানাযায় আসেনি বিএনপির কেউ

অবশ্যই পরুন

​নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল ও যুবদল নেতার জানাজায় বিএনপির শীর্ষ নেতাদের অনুপস্থিতিকে কেন্দ্র করে দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এই দুই তরুণের শেষ বিদায়ে সিনিয়র নেতাদের কাউকে পাশে না পেয়ে হতাশা প্রকাশ করেছেন উপস্থিত নেতাকর্মীরা।

​মঙ্গলবার (৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুল কাদির জিলানী (২৬) ও মো. মাসুম বিল্লাহ (২৭) ঘটনাস্থলেই নিহত হন। আব্দুল কাদির জিলানী ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মাসুম বিল্লাহ কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় যুবদল নেতা মশিউর রহমান রনি ও ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলনসহ স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মী উপস্থিত থাকলেও, বিএনপির অধিকাংশ শীর্ষ নেতা বা জনপ্রতিনিধিদের কাউকে সেখানে দেখা যায়নি।

​শীর্ষ নেতাদের এমন অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূলের কর্মীরা। তাদের ভাষ্যমতে, আব্দুল কাদির জিলানী ও মাসুম বিল্লাহ বিএনপির দুঃসময়ে এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে অত্যন্ত সক্রিয় ছিলেন। বিশেষ করে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ছাত্রদলের অন্যতম সমন্বয়ক হিসেবে জিলানীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মাসুম বিল্লাহও দলের সব কর্মসূচিতে সামনের সারিতে থাকতেন। অথচ তাদের এমন মর্মান্তিক মৃত্যুর পর শেষ বিদায়ে জেলার শীর্ষ নেতাদের কেউই উপস্থিত হননি।

​তৃণমূলের এক কর্মী হতাশা প্রকাশ করে বলেন, “যারা দলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সব সময় রাজপথে থেকেছে, তাদের জানাজায় সিনিয়র নেতাদের এই অনুপস্থিতি সত্যিই দুঃখজনক। এটা কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার মতো একটি ঘটনা।”

​পরবর্তীতে বুধবার সকালে নিহত মাসুম বিল্লাহকে পটুয়াখালীর দশমিনায় এবং আব্দুল কাদের জিলানীকে চাঁদপুরের মতলবে নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়। দলের নিবেদিত প্রাণ দুই তরুণ নেতার এমন অকাল মৃত্যু এবং নেতাদের অবমূল্যায়নের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ