রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতের মধ্যে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। তবে কী কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, হাসপাতালে আরও কয়েকজন নবজাতক গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর হাসপাতালজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। নিহত শিশুদের স্বজনদের দাবি, ওয়ার্ডটিতে মোট ১৫ জন শিশু ভর্তি ছিল এবং তাদের মধ্যে ১২ জন মারা গেছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ন্যাশনিক্স/এলকে
