শেখ হাসিনার প্রত্যাবর্তনের ডাক, চবিতে ছাত্রলীগের পোস্টারিং কার্যক্রম

অবশ্যই পরুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। শেখ হাসিনার ৪৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রকাশিত এসব পোস্টারে আওয়ামী লীগ সভাপতির আরেকবার দেশে ফেরার আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নামে সাঁটানো পোস্টারগুলোতে লেখা ছিল, “গ্রাম নগর-মাঠ পাথার বন্দরে তৈরি হও, ঘরে ঘরে ডাক পাঠাও, তৈরী হও”।

বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টারিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে ক্যাপশনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পোস্টারিং কার্যক্রম পরিচালনা করেছে।

এর আগে গত ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে এবং ১১ মে শাটল ট্রেনেও ছাত্রলীগের পোস্টার দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, এ ধরনের ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে। তিনি জানান, সীমিত সংখ্যক নিরাপত্তাকর্মী দিয়ে পুরো ক্যাম্পাসে শতভাগ নজরদারি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এই সুযোগে কেউ পোস্টার লাগিয়ে দ্রুত সরে যাচ্ছে।

তিনি আরও বলেন, গত এক সপ্তাহে অন্তত তিনবার পোস্টারিংয়ের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসের কিছু সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে গেছে বা কেটে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দ্রুত নতুন ক্যামেরা স্থাপন ও পুরোনোগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে রোববার অনুষ্ঠিতব্য প্রক্টরিয়াল বডির বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সহকারী প্রক্টর।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ