সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়ার পর করা এমআরআই প্রতিবেদনে তার ঘাড় ও কোমরের একাধিক হাড়ে সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
মঙ্গলবার পলকের আইনজীবী তরিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে দুর্ঘটনার পর আদালতের আবেদনের ভিত্তিতে পলকের এমআরআই করা হয়। পরে পাওয়া প্রতিবেদনে দেখা যায়, তার কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশে সমস্যা রয়েছে। এছাড়া ঘাড়ের সি ৫-৬ এবং সি ৬-৭ ডিস্কেও জটিলতা ধরা পড়েছে।
আইনজীবীর দাবি, দুর্ঘটনার পর থেকে পলক ঘাড় নাড়াতে পারছেন না এবং প্রয়োজনীয় চিকিৎসাও পাচ্ছেন না। এ বিষয়ে আদালতে চিকিৎসার আবেদন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকলেও পলক কারাগারে রয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
