ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

অবশ্যই পরুন

সাবেক অন্তর্বর্তী সরকারের সময়কার আর্থিক ব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

গত ২৯ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ। পরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিষয়টি উপস্থাপন করা হলে আদালত জানান, আগামী রবিবার রিটটি কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

রিট আবেদনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এতে অভিযোগ করা হয়, তিনি নিজের ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে চলমান একাধিক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছিলেন। এর মধ্যে আয়কর সংক্রান্ত ৩৮টি রিট ও রেফারেন্স মামলা ছিল, যেখানে উল্লেখযোগ্য পরিমাণ কর ফাঁকির অভিযোগ ছিল।

এছাড়া একটি প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের কর দায় মওকুফ, জনশক্তি রপ্তানি, ডিজিটাল ওয়ালেট পরিচালনা এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন সুবিধা নেওয়ার বিষয়ও রিটে উল্লেখ করা হয়েছে। এসব পদক্ষেপ আইনি ও নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ বলে দাবি করা হয়েছে।

রিটে বলা হয়, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ লক্ষ্যে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট দুই আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ