দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনা নিয়ে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির সিটিটিসি বিভাগের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দিন।
পুলিশ সদর দপ্তর থেকেও এ পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রটেকশন ইউনিট কাজ করছে এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন সিটিটিসি ইউনিটে পাঠানো এক চিঠিতে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়। এতে উল্লেখ করা হয়, নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে চাকরিচ্যুত দুই নিরাপত্তা সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
চিঠিতে আরও বলা হয়, জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি অস্ত্রাগারেও হামলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সব ইউনিটকে নজরদারি বাড়ানো, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ওপর কঠোর নজর রাখা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
