কৃষক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী: কৃষকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শেখ হাসিনার

অবশ্যই পরুন

বাংলাদেশ কৃষক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, জননেত্রী শেখ হাসিনা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষকদের সংগঠিত করা, তাদের অধিকার আদায় এবং দেশের কৃষি উন্নয়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

শেখ হাসিনা বলেন, বর্তমানে কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী ডিজেল, সার, সেচের বিদ্যুৎ ও বীজ পাচ্ছে না। পাশাপাশি তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন। চাঁদাবাজ ও অসাধু সিন্ডিকেটের কারণে কৃষকরা নানা সংকটে পড়ছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের প্রধান চালিকাশক্তি। তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ সংরক্ষণ অত্যন্ত জরুরি। কৃষকদের জীবনমান উন্নয়নের মধ্য দিয়েই খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব।

বিবৃতিতে তিনি বলেন, বাংলার মাটিতে কৃষকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের। উপনিবেশবাদ ও শোষণবাদের বিরুদ্ধে কৃষকরা যুগে যুগে সংগ্রাম করেছে এবং নানা নির্যাতন সহ্য করেও তারা কখনো পিছু হটেনি। প্রতিকূলতার মধ্যেও দেশের কৃষকরাই এই ভূখণ্ডকে সোনালি ফসলে ভরিয়ে তুলেছে।

নগরায়ন যতই বৃদ্ধি পাক না কেন, কৃষকদের অবদান কখনোই ভোলার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠাকে রাজনীতির মূল দর্শন হিসেবে গ্রহণ করতে হবে। একই সঙ্গে কৃষক লীগের নেতাকর্মীদের কৃষকদের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষে শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল নেতাকর্মীকে পুনরায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ