সরকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে আট প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করেছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬–এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এ পুনর্বণ্টন করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি নির্ধারিত দায়িত্বে পরিবর্তন এনে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে নির্দিষ্ট করা হয়েছে। এর ফলে প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এখন শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হাবিবুর রশিদ রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব পালন করবেন। মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন।
এছাড়া মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। ফারজানা শারমীন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মো. নুরুল হক নুরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই দিনে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পুনর্বণ্টন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে রুহুল কবীর রিজভী আহমেদ বর্তমান দায়িত্বের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল
ন্যাশনিক্স/এলকে
