পীরগঞ্জ উপজেলার হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ধানের শীষের দুটি, ‘হ্যাঁ’ ভোটের দুটি ও ‘না’ ভোটের দুটি সিলযুক্ত ব্যালট পেপার এবং দুটি সিল উদ্ধার হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা তাঁকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে তিনি ব্যালট ও সিল বুঝে পাওয়ার বিষয়ে লিখিত দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পুলিশ ও স্থানীয় নেতাদের সহযোগিতায় তাঁকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করে গাড়িতে তোলা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁর গাড়ি ভাঙচুর করে।
জানা যায়, সকালে বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী এলে বেলা ১১টার দিকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নবীউল শ্রেণিকক্ষে পড়ে থাকা কাগজ পরিষ্কার করার সময় আলমারির সামনে সিলযুক্ত ব্যালট দেখতে পায়। তারা বিষয়টি প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদকে জানায়। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা বিদ্যালয় মাঠে জড়ো হন।
ঘটনাস্থলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হলে উত্তেজনা আরও বাড়ে। সহস্রাধিক নারী-পুরুষ সেখানে জড়ো হন। নারীদের একটি অংশ ঝাড়ু হাতে প্রতিবাদ মিছিলও করেন।
পরে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন জানান, তিনি বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ন্যাশনিক্স/এলকে
