চট্টগ্রাম ইপিজেড থেকে ট্রাক চুরির দায়ে যুবদল নেতা বহিষ্কার

অবশ্যই পরুন

ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী পবিরের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব বাতিল করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। পাশাপাশি যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চট্টগ্রাম ইপিজেড থেকে একটি ট্রাক চুরি হয়। মালিক থানায় অভিযোগ করলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত শুরু করেন। তথ্য অনুযায়ী, সোনাগাজীর চর চান্দিয়া গ্রামের মোহাম্মদ ইউনুছকে আটক করা হয়। তিনি চুরি হওয়া ট্রাকের চালক। তার দেওয়া তথ্যে রোববার রাতে সুজাপুর গ্রামে অভিযান চালায় পুলিশ।

অভিযানকালে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরের বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের খণ্ড-বিখণ্ড যন্ত্রাংশ উদ্ধার করা হয়। তবে সে সময় পবির ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। এ ঘটনায় মামলার খবরে পবির পালিয়ে যান।

পবির ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমের ছোট ভাই। এ বিষয়ে সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা বলেন, “কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার সংগঠন নেবে না। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালনের জন্য উপজেলা যুবদলের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।”

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ