দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২টার দিকে পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে হঠাৎ করেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি শুরু করেন।
আহতরা হলেন আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলামসহ চারজন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, কিছুদিন আগে আনিচুর রহমানের বাড়িতে টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার শিহবের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরেই সোমবার উভয় পক্ষ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পশ্চিম দক্ষিণ ফিলিপনগর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ন্যাশনিক্স/এলকে
