কক্সবাজারের কুতুবদিয়ার সমুদ্র এলাকার কাছে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারের ধাক্কায় আরেকটি ট্রলার ডুবে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে একজন এখনও নিখোঁজ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিহত জেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেলের নাম আক্তার আলম বাদশা, তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা। নিখোঁজ জেলের নাম জিয়াবুল মোহাম্মদ হোসেন।
স্থানীয় সূত্র ও ট্রলার মালিক সূত্রে জানা যায়, নাসির উদ্দিনের মালিকানাধীন এফবি নুরুন নাহার-১ ট্রলারটি নিয়ে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ১৫ জন জেলে মাছ ধরতে যান। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের আগে জাল উঠানোর সময় দ্রুতগতিতে আসা ফিশিং ট্রলার এফবি হার্টি নুরুন নাহার-১ ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায় এবং জেলেরা সাগরে ছিটকে পড়ে।
ঘটনাস্থলেই আক্তার আলম বাদশা মারা যান। বাকি ১৩ জনকে আশপাশের অন্যান্য ট্রলার সাহায্যে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত ও উদ্ধার জেলেরা সোমবার সকাল ৯টার দিকে উপকূলে পৌঁছে এবং কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলারের ধাক্কায় ট্রলার ডুবে একজন জেলে নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ন্যাশনিক্স/এএএইচপি
