ছাত্রদল নেতার ছুরিকাঘাতে মা নিহত, ছেলে আশঙ্কাজনক

অবশ্যই পরুন

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে রানী (৪৫) নামে এক নারী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে হৃদয় (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার ৩১ জানুয়ারি সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রানীর মৃত্যু হয়।


নিহত রানী ওই এলাকার রানী ফ্যাশন গ্যালারির মালিক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার পাশাপাশি এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের কাছে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে শনিবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।


একপর্যায়ে নজরুল ইসলামের ছেলে আশিক ধারালো ছুরি দিয়ে রানীর ওপর হামলা চালান। এ সময় মাকে রক্ষা করতে ছেলে হৃদয় এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে দুজনই গুরুতর আহত হন।


রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।


স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত আশিক গাজীপুর মহানগর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করে মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন জানান, আশিক বিগত কমিটিতে ওই দায়িত্ব পালন করেছেন।


এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে সংগঠন প্রশ্রয় দেয় না। আশিক যদি অপরাধ করে থাকে, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হবে। তিনি জানান, আশিক বর্তমানে সংগঠনের কোনো কার্যক্রমে সক্রিয় নয়।


ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ