আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে লিফলেট বিতরণ, দেয়াললিখন ও পোস্টারিং কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি জানিয়েছে, প্রহসনমূলক ও জনগণের অংশগ্রহণবিহীন একতরফা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।
ঘোষণা অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌরসভা, কলেজ, হল, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক ইউনিটগুলো একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করবে।
কর্মসূচির আওতায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, পাড়া-মহল্লা, হাট-বাজার, গ্রাম ও শহরাঞ্চল, পাশাপাশি অফিস-আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ, দেয়াললিখন ও পোস্টারিং করা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব দাবি প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার সুরক্ষায় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি।
এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রচার করা হবে বলে জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য স্লোগান হলো“প্রহসনের নির্বাচন, বয়কট করবে জনগণ”,
“ভোট আমার অধিকার, ভোট কেড়েছে দখলদার”
এবং
“সকল দলের অংশগ্রহণে নির্বাচন, নয়তো প্রহসনের অংশ নয়”।
ঘোষণায় সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য দ্রুত প্রস্তুতি গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
