গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার সাতাশ ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরএর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব জানান, ঝিনাইদহ চার আসন কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তিনি দলীয় নেতাকর্মীদের রাশেদ খানকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে রাশেদ খানকে বিএনপিতে যোগদানের অনুমোদন দিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে তিনি ঝিনাইদহ চার আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গণমাধ্যমকে জানান, ফ্যাসিবাদের পতনের জন্য তারা অতীতে বিএনপির সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছেন। পতন পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের কাজেও তারা একসঙ্গে এগিয়ে যেতে চান।
তিনি বলেন, যেহেতু আন্দোলন বিএনপির নেতৃত্বে এবং তাদের সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে হয়েছে, তাই আগামী দিনগুলোতেও রাজনৈতিকভাবে একসঙ্গে থাকার আগ্রহ রয়েছে। তবে বর্তমান আরপিও অনুযায়ী জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হয় নিজ নিজ প্রতীকে। বাস্তবতায় সব এলাকায় সব দলের প্রতীকে জয় সম্ভব না হওয়ায় কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নুরুল হক নুর আরও বলেন, যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে কেউ কেউ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এই ধারাবাহিকতায় ঝিনাইদহ চার আসনে রাশেদ খানকে বিএনপিতে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন এবং শিগগিরই গণ অধিকার পরিষদে একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে।
ন্যাশনিক্স/এলকে
