যাত্রীসেবা নিরাপত্তা এবং বিমানবন্দরের অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে আগামী চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পঁচিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া অন্য সব ব্যক্তির প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দেশে ফেরার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে সম্ভাব্য ভিড় ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে আগাম এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীরাই টার্মিনাল এলাকায় প্রবেশ করতে পারবেন। যাত্রীদের সঙ্গে আগত স্বজন দর্শনার্থী কিংবা অন্যান্য কোনো ব্যক্তি এ সময় বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি পাবেন না।
এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সুশৃঙ্খল রাখতে সাময়িকভাবে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়ম অনুযায়ী সহযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
