৩২ ঘণ্টা পর উদ্ধার, শেষ পর্যন্ত বাঁচানো গেল না শিশু সাজিদকে

অবশ্যই পরুন

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের একটি গর্তে পড়ে আটকে থাকা দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। উদ্ধার হওয়ার পর তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে দীর্ঘ প্রায় ৩২ ঘণ্টার টানা অভিযানের পর ফায়ার সার্ভিস কর্মীরা গর্ত থেকে সাজিদকে তুলে আনেন। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা জানান, ঠাণ্ডাজনিত জটিলতা এবং পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

শোকের সংবাদটি ঘোষণা করতে গিয়ে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। তিনি শিশুটির মৃত্যুর কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

শিশুর নানা আইয়ূব আলী জানান, উদ্ধারকর্মীদের কাছ থেকে তারা শুনেছিলেন যে সাজিদ উদ্ধার হওয়ার সময় জীবিত ছিল। তিনি নিজেও শিশুটির নড়াচড়া দেখতে পেয়েছিলেন বলে দাবি করেন। তবে হাসপাতালে নেওয়ার পর শিশুটির মৃত্যু হয়। পরে তার মরদেহ বাড়ি কুড়িরহাট পূর্বপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল এবং চিকিৎসকেরাই তার শারীরিক অবস্থা নিশ্চিত করবেন বলে জানিয়েছিলেন।

পরিত্যক্ত নলকূপের জন্য খনন করা গর্তটিতে বুধবার দুপুরে পড়ে যায় সাজিদ। প্রায় দেড় দিন ধরে চলা প্রচেষ্টার পর তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ