সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় নির্মিত ক্রীড়া কমপ্লেক্সটির নাম পরিবর্তন করা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নাম বাদ দিয়ে নতুনভাবে এর নামকরণ করা হয়েছে ‘সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স’।
জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিশ্চিত করে একটি চিঠি প্রদান করেছে বলে সিলেটটুডেকে জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইয়াহইয়া ফজল। জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন এই কমপ্লেক্সের ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা।
প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ক্রীড়া কমপ্লেক্সটি ২০১৪ সালে উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টাতেই এ আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে ওঠে বলে জানা গেছে। কমপ্লেক্সটিতে রয়েছে ব্যাডমিন্টন কোর্ট, জিমনেসিয়াম, কাবাডি কোর্ট, ফুটবল মাঠ, আবাসিক হোস্টেল, লন টেনিস কোর্ট ও সুইমিং পুলসহ আধুনিক নানা সুবিধা।
তবে মুহিতের নাম বাদ দিয়ে নতুন নামকরণকে ‘অরাজনীতি ও প্রতিহিংসার রাজনীতি’ বলে ক্ষোভ প্রকাশ করছেন সিলেটের সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ বর্তমান সরকারের প্রতিহিংসামূলক সিদ্ধান্তে সিলেটবাসী বিব্রত, ক্ষুব্ধ ও ব্যথিত। অনেকে এই সিদ্ধান্তকে “ঘৃণাভরে প্রত্যাখ্যানযোগ্য” বলে মন্তব্য করেছেন।
সিলেটের মানুষের প্রশ্ন যে মানুষের প্রচেষ্টায় একটি উন্নতমানের ক্রীড়া কমপ্লেক্স গড়ে উঠল, তাঁর নাম বাদ দেওয়া কি সুবিচার?
ন্যাশনিক্স/একেএ
