ইউনূস সরকারের গণতন্ত্র ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি পূরণ হয়নি: ব্রিটিশ এমপি

অবশ্যই পরুন

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক অগ্রগতির ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান CBE এমপি। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছিল আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুবিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তব অগ্রগতি এখনো “সন্তোষজনক নয়”।

ব্ল্যাকম্যান তাঁর বিবৃতিতে বলেন, “ইউনূস সরকার গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে, প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার ও প্রশাসনিক স্বচ্ছতার অগ্রগতি দেখা যায়নি।”

তিনি বাংলাদেশের সরকারকে আহ্বান জানান যেন আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সর্বজনীন হয়।তার মতে, “নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি এবং জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন। তাই সরকারের উচিত এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে সব রাজনৈতিক দল ও মতের অংশগ্রহণ নিশ্চিত হয়।”

বব ব্ল্যাকম্যান আরও বলেন, “ড. ইউনূস একজন সম্মানিত ও সুনামধন্য ব্যক্তি। তাঁর প্রতি আমাদের প্রত্যাশাও তাঁর মর্যাদার সমান উচ্চ। তাঁর প্রশাসনের উচিত হবে দেশের পুনর্গঠনে সব রাজনৈতিক মত ও দলের মানুষকে সমানভাবে যুক্ত করা।”

তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও বিশেষ উদ্বেগ প্রকাশ করে বলেন, “জুলাই মাসের আন্দোলনের পর সংখ্যালঘুদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাদের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকারে সমান সুযোগ দিতে হবে।”

ব্ল্যাকম্যান তাঁর বার্তার শেষে বাংলাদেশের আন্তর্জাতিক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ যে দেশটি ভাষা, সংস্কৃতি ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, সেই দেশটি এখন গণতন্ত্র ও রাজনৈতিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠার জন্য বৈশ্বিক সমর্থন পাওয়ার যোগ্য। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ