পটুয়াখালীর দশমিনা উপজেলায় ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে কাফনের কাপড় জড়িয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) ভোরে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি আদালত এলাকায় গিয়ে শেষ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদা কাফনের কাপড় পরে মিছিলের সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছেন। মিছিলে আরও বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা অংশ নেন। তারা শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে “শেখ হাসিনা আসবে বীরের বেশে” ও “নৌকা মার্কা জয় হোক” ইত্যাদি স্লোগান দেন।
একইদিন উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখার ঘটনাও চোখে পড়ে।
দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলিম জানান, “ভোরে বিষয়টি জানতে পারি। এটি ছিল ঝটিকা মিছিল। পরে তারা দ্রুত সরে যায়। আমরা সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
