জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নহর আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে নানা উপায়ে হয়রানি করছেন।
অভিযোগ রয়েছে, সামাজিক সুবিধা বণ্টনে পক্ষপাতিত্ব, সালিশে অর্থ দাবি এবং ভিন্নমত পোষণকারীদের মামলা দিয়ে হয়রানির হুমকি দেন তিনি। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো হয়।
স্থানীয় দুলাল মিয়া বলেন, “আমার মেয়ের বিষয়ে সালিশে টাকার দাবি করা হয়েছিল। কিছু টাকা দেওয়ার পরও শান্ত হননি। মানুষকে ভয় দেখানোই যেন তার নেশা।”
আরেক গ্রামবাসী মানিক মিয়া জানান, “সরকার পরিবর্তনের পর থেকে তার অত্যাচার বেড়েছে। এখন জমি নিয়ে সামান্য বিষয়েও মামলা দেওয়ার ভয় দেখায়।”
নয়ানগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রুমান অভিযোগ করেন, তার পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তিকে মামলা দেওয়ার হুমকি দেন নহর আলী।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে নহর আলী কোনো প্রতিক্রিয়া জানাননি।
নয়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বলেন, “আমি অসুস্থ, ঢাকায় আছি। ফিরে গিয়ে বিষয়টি দেখব।”
মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু বলেন, “বিষয়টি আমার জানা নেই। তদন্তে সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ন্যাশনিক্স/এজে
