নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনী বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এ প্রতীক কোনো দল বা প্রার্থীকে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, কমিশন তাদের বিবেচনায় অন্য কোনো প্রতীক নির্ধারণ করে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করবে।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, “শাপলা প্রতীক বিষয়ে কমিশন আগেই তাদের অবস্থান জানিয়েছে। বিধিমালায় যেহেতু এই প্রতীক নেই, তাই শাপলা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাবও কমিশনের কাছে আসেনি। ফলে কমিশন আগের অবস্থানেই রয়েছে।”
আরপিও (নির্বাচন আইন) সংশোধনের বিষয়ে প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, কমিশন সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পরামর্শ প্রক্রিয়া সম্পন্ন করেছে।
তিনি বলেন, “আরপিও সংশোধনের আগে কমিশন দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় চিহ্নিত হয়নি। তাই অনুমানভিত্তিক মন্তব্য করা অনুচিত।”
সিনিয়র সচিব আরও জানান, কমিশন আরপিওর প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে-
১. স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিষয়,
২. ভাষাগত বা সংখ্যাগতভাবে সংশোধনযোগ্য বিষয়,
৩. রাজনৈতিক ঐকমত্য ছাড়া অসম্ভব প্রস্তাব,
৪. বিদ্যমান আইনে নির্ধারিত বিষয়,
৫. কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য প্রস্তাব।
এই পাঁচটি ভিত্তিতেই কমিশন কাজ করছে বলে তিনি জানান।
ন্যাশনিক্স/ এপি
