রাজধানীর পূর্বাচলে দৌড় প্রতিযোগিতা আয়োজনের নামে অংশগ্রহণকারীদের কাছ থেকে ২২ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ‘উড়াও বাংলাদেশ’ নামের এক প্রতারক প্রতিষ্ঠান।
জানা গেছে, নামসর্বস্ব এই প্রতিষ্ঠানের আড়ালে থাকা একটি সংঘবদ্ধ চক্র ‘রান ফর নেশন ২০২৫’ নামে দৌড় প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেয়। মেডেল, টি-শার্ট, রিফ্রেশমেন্ট, সার্টিফিকেট ও প্রাইজমানির লোভ দেখিয়ে তারা দেশের নানা প্রান্তের দৌড়প্রেমীদের আকৃষ্ট করে। রেজিস্ট্রেশনের জন্য বিকাশ ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতি জনের কাছ থেকে ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত নেয়া হয়। প্রায় দুই হাজার মানুষ রেজিস্ট্রেশন করেন, যার মোট অঙ্ক দাঁড়ায় প্রায় ২২ লাখ টাকা।
ইভেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত শুক্রবার (২৪ অক্টোবর) পূর্বাচলের তিনশ ফিট এলাকায়। কিন্তু নির্ধারিত তারিখের চার দিন আগেই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, ফেসবুক পেজসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
ঘটনার পরদিন খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী আবুল হাসনাত কবির। জিডিতে এ এম আইউব, মো. মনিরুল ইসলাম, মো. নুরুল আমিন মজুমদার, রানা মজুমদার, মো. মোশারফ হোসেন ও মো. ইব্রাহিম খলিলসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
ভুক্তভোগী এ এম আইউব বলেন, “আমরা নিয়মিত রানিং ইভেন্টে অংশ নিই। সবাই মিলে রেজিস্ট্রেশন করেছিলাম। এখন দেখি পেজ নেই, ফোন বন্ধ, অফিসের ঠিকানাও ভুয়া। আমরা সম্পূর্ণ প্রতারিত হয়েছি।”
আরেক ভুক্তভোগী আবুল হাসনাত কবির জানান, “ওরা খুব প্রফেশনালি কাজ করেছে। কনফার্মেশন ইমেইল, ইভেন্ট আইডি সবই আসল মনে হচ্ছিল।”
খিলক্ষেত থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, “ঘটনাটি সাইবার ক্রাইমের আওতায় পড়ে। আমরা বিষয়টি ডিবির সাইবার ক্রাইম ইউনিটে পাঠিয়েছি তদন্তের জন্য।”
সূত্রে জানা গেছে, ‘উড়াও বাংলাদেশ’ এর আগেও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরে একই কৌশলে ‘স্পোর্টস ইভেন্ট’ এর নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিয়েছে।
ন্যাশনিক্স/ এপি
