বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের কথাবার্তা, চালচলন, আচরণ ও বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে দেওয়া এক বক্তব্যে তিনি বিএনপির অনেক নেতাকর্মীর আচরণে শালীনতা, ভদ্রতা, সংযম ও ন্যূনতম মানবিক মূল্যবোধের অভাব রয়েছে বলে মন্তব্য করেন।
নাদেল তাঁর পোস্টে উল্লেখ করেন, মানুষের ভাষা, আচরণ ও প্রকাশভঙ্গিই তার রুচি, শিক্ষা ও সভ্যতার অন্যতম পরিচয়। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা কখনোই অসভ্যতা, ঔদ্ধত্য, অশালীনতা কিংবা বিকৃত আচরণের বৈধতা দিতে পারে না।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছ থেকে সাধারণ মানুষ ন্যূনতম ভদ্রতা, দায়িত্বশীলতা ও সভ্য আচরণ প্রত্যাশা করে। কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীর আচরণে রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার দম্ভই যেন প্রাধান্য পাচ্ছে; বিবেক, রুচিবোধ ও শিষ্টাচারের মূল্যায়ন সেখানে অনুপস্থিত।
পোস্টের শেষাংশে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে হেদায়েত কামনা করে তিনি লেখেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। সমাজের অংশ হিসেবে তারা যেন অন্তত মানুষ হিসেবে পারস্পরিক সম্মান, সভ্যতা ও ভদ্রতার ন্যূনতম মান অর্জন করেন।
শফিউল আলম চৌধুরী নাদেলের এই ফেসবুক পোস্টকে বিএনপির একাংশের নেতাকর্মীদের রাজনৈতিক আচরণ ও সংস্কৃতি নিয়ে তাঁর সরাসরি সমালোচনা হিসেবে দেখা হচ্ছে।
