১০ নভেম্বর ছাত্রলীগের ধর্মঘট সফল করার আহ্বান সজীব ওয়াজেদ জয়ের

অবশ্যই পরুন

১০ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট সফল করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, প্রতিকূলতা দিয়ে ছাত্রলীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের সমাপ্তি ঘটানো সম্ভব নয়।

সোমবার (৯ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, ছাত্রলীগের উত্থাপিত দাবিগুলো দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোও এ ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, বিদ্যুৎ-গ্যাস-পানির ব্যয় বৃদ্ধি, কর্মসংস্থানের সংকট, বিনিয়োগে স্থবিরতা এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেশের অর্থনীতিকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে।

ছাত্রলীগের দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সরকারি চাকরিতে রাজনৈতিক হয়রানি বন্ধ, মেধার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা।

এ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলা প্রত্যাহার, কারাবন্দিদের মুক্তি, বিতর্কিত রায় পুনর্বিবেচনা, শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়া এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও তুলে ধরেন তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, ১৯৭১, ১৯৭৫ কিংবা ১৯৮১—প্রতিটি কঠিন সময়েই ছাত্রলীগ রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের দুঃসময় এবং ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, অন্ধকার কখনো চিরস্থায়ী হয় না।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি ঋতু সব সময় আওয়ামী লীগেরই ছিল। এই দেশে ফিরে যেতে ডিসেম্বরের প্রয়োজন নেই। সময় যত দীর্ঘই হোক, ছাত্রলীগ স্বমহিমায় নিজের পথে ফিরে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

বক্তব্যের শেষাংশে ১০ নভেম্বর ছাত্রলীগের সর্বাত্মক ধর্মঘটের সফলতা কামনা করে দেশের মানুষকে সংগঠনটির পাশে থাকার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ