জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমীর হামজাকে ঘিরে এবার ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে অডিও-ভিডিও থাকার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। শুধু তাই নয়, এসব তথ্য ফ্যাক্টচেক করে সত্যতা পেয়েছেন বলেও প্রকাশ্যে দাবি করেছেন তিনি।
গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান জানান, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমীর হামজার নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তাঁর হাতে এসেছে। তিনি সেগুলো ফ্যাক্টচেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলে উল্লেখ করেন। পাশাপাশি আমীর হামজার বলে দাবি করা একটি কথোপকথনের অংশ প্রকাশ করেন এবং অডিওর লিংক যুক্ত করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আমীর হামজার নামে কথিত হোয়াটসঅ্যাপ চ্যাটের কিছু স্ক্রিনশট। সেসব স্ক্রিনশটে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, এক নারীর সঙ্গে কথোপকথনের সময় নিজের গোপনাঙ্গের ছবি এবং পর্নোগ্রাফিক ভিডিও পাঠিয়েছেন আমীর হামজা। বিষয়টি ঘিরে অনলাইনে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
ঘটনাটি সামনে আসার পর থেকেই একজন সংসদ সদস্য ও ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত আমীর হামজার বিরুদ্ধে নৈতিকতার প্রশ্ন তুলছেন অনেকে। বিশেষ করে একজন মাওলানা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তাঁর ব্যক্তিগত আচরণ এবং জনসম্মুখে দেওয়া ধর্মীয় বক্তব্যের সঙ্গে কথিত কর্মকাণ্ডের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, নৈতিক স্খলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর সংসদ সদস্য পদ বাতিলের দাবিও তুলছেন অনেকে। তাঁদের মতে, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠলে বিষয়টি যথাযথভাবে তদন্ত করা এবং প্রমাণিত হলে আইন ও সংসদীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে রাশেদ খানের বক্তব্য প্রকাশের পর আমীর হামজার প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। তবে সাংবাদিকদের পক্ষ থেকে বারবার ফোন করার পরও তাঁর বক্তব্য পাওয়া যায়নি বলে দাবি করা হচ্ছে। তাঁর ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে।
এখন পর্যন্ত আমীর হামজা কিংবা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
