রাষ্ট্রপতির জেলায় হাসপাতালের বারান্দা পেরিয়ে গাছতলায় চলছে শিশুদের চিকিৎসা

অবশ্যই পরুন

রাষ্ট্রপতির জেলা ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শয্যা সংকটে গাছতলায় চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে জায়গা না পেয়ে খোলা আকাশের নিচে গাছতলায় পাতা বিছিয়ে অবস্থান করছেন অসুস্থ শিশু ও তাদের স্বজনরা। কারও হাতে চলছে স্যালাইন, কারও হাতে ক্যানোলা। কেউ অপেক্ষা করছে চিকিৎসা কিংবা ওষুধের জন্য। হাসপাতালের এমন চিত্রে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও অভিভাবকরা।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার হাসপাতালটির ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ছিল ২১৫ শিশু। অতিরিক্ত রোগীর চাপে এক শয্যায় একাধিক শিশুকে রাখতে হচ্ছে। ওয়ার্ডের মেঝে ও বারান্দায়ও চলছে চিকিৎসা। এরপরও জায়গা সংকুলান না হওয়ায় অনেক অভিভাবক শিশুদের নিয়ে হাসপাতালের আঙিনায় গাছতলায় অবস্থান করছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, অতিরিক্ত রোগীর চাপে ওয়ার্ডে অসহনীয় পরিবেশ তৈরি হয়েছে। রয়েছে প্রচণ্ড গরম, বিশুদ্ধ পানির সংকট ও অপরিচ্ছন্ন শৌচাগারের সমস্যা। রাতে অনেকে শিশুদের নিয়ে ওয়ার্ডের ভেতরে থাকলেও দিনের বেশির ভাগ সময় কাটাচ্ছেন গাছতলায়। এ ছাড়া হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী না পাওয়ায় বাইরে থেকে কিনতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্বজনরা।

শিশু বিভাগের সিনিয়র নার্স তাজনেহার জানান, শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত।

পঞ্চগড়ের বিউটি বেগম তার ১৭ মাস বয়সী নাতিকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। শিশুটি জন্ম থেকেই বিভিন্ন জটিলতায় ভুগছে। এবার টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বিউটি বেগম বলেন, ওয়ার্ডে প্রচণ্ড গরম ও ভিড়। এক বিছানায় দুই থেকে তিনটি শিশুকে রাখা হচ্ছে। শিশুরা কান্নাকাটি করে এবং ভেতরে থাকতে চায় না। তাই বেশির ভাগ সময় নাতিকে বাইরে খোলা বাতাসে রাখতে হয়। স্যালাইন ও ইনজেকশন দেওয়ার সময় শুধু ভেতরে নেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, রোগীর তুলনায় শৌচাগারের সংখ্যা কম। নারী-পুরুষকে একই শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে। রাস্তার পাশের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে গেলেও অনেক সময় তা ব্যবহার করা যায় না। তখন হোটেল থেকে পানি কিনে আনতে হয়।

বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ীর আবু বকর জানান, জ্বরের কারণে তার শিশুকে দুই দিন ধরে হাসপাতালে ভর্তি রেখেছেন। তবে হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হয়নি। সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। একই অভিযোগ ঠাকুরগাঁও সদর উপজেলার ঢেপটিগুড়া গ্রামের কৃষক শরিফুল্লাহর। তিনিও নাতিকে হাসপাতালে ভর্তি করিয়ে কোনো ওষুধ পাননি বলে অভিযোগ করেন।

আর্নিতা আক্তার নামে আরেক অভিভাবক জানান, তার শিশু টাইফয়েডে আক্রান্ত। পাঁচ দিনে ৭ থেকে ৮ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে। হাসপাতাল থেকে খাওয়ার পানি পাওয়া যায় না। টিউবওয়েলের হাতল বাঁধা থাকায় পানি সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না। দুটি শৌচাগারের একটিতে ময়লা জমে বন্ধ রয়েছে, অন্যটি সবাইকে ব্যবহার করতে হচ্ছে।

এক শিশুর বাবার অভিযোগ, ব্যবস্থাপত্র অনুযায়ী দুটি ক্যানোলা কিনে আনলেও একটি ব্যবহারের পর অন্যটি এবং নতুন মেডিকেল টেপ নিজেদের কাছে রেখে দেওয়া হয়েছে। পরে টেপ চাইতে গেলে নেই বলে জানানো হয়।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন বলেন, দুটি শৌচাগারে সমস্যা রয়েছে, বাকি চারটি চালু আছে। সমস্যাগুলো চিহ্নিত করে আগামী এক সপ্তাহ পর্যবেক্ষণ ও ফলোআপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গণপূর্ত বিভাগের প্রকৌশলী ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে বিষয়গুলো জানানো হয়েছে। শৌচাগার ও পানির ব্যবস্থাপনার সমস্যাগুলো সমাধানে সমন্বয় করা হচ্ছে।

ওষুধ সরবরাহ না করা ও ক্যানোলা নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট সুপারভাইজারকে জানানো হবে। ওষুধের বিষয়ে স্টোরকিপারকে ডাকা হবে এবং পরিচ্ছন্নতার জন্য সুইপারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হচ্ছে।

অতিরিক্ত রোগীর চাপের বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে কখনো ২৫০ জনের মতো শিশু ভর্তি থাকে। তাদের সঙ্গে মা-বাবাও অবস্থান করেন। ফলে ওয়ার্ডে মানুষের চাপ আরও বেড়ে যায়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ