পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলমান অসন্তোষের মধ্যে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। এছাড়া, সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিক সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেন।
আজ সকালে সাভার ও আশুলিয়ার একাধিক কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় এবং নিরাপত্তাশঙ্কায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চলের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের মুখোমুখি অবস্থান তৈরি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে জামগড়ার দিকে রওনা হন শ্রমিকরা। পুলিশও বর্তমানে শ্রমিকদের কাছাকাছি অবস্থান করছে।
এ পরিস্থিতিতে পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শিল্পাঞ্চলের কাঠগড়া এলাকায় অবস্থিত একটি শিল্পগ্রুপের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা টিবিএসকে জানান, ইতোমধ্যে ওই অঞ্চলের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কোনো কোনো কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও কাজ করছেন না। আবার কিছু কারখানা নিরাপত্তার শঙ্কায় ছুটি ঘোষণা করেছে বলে জানান তিনি।
