জুলাই আন্দোলনে হামলার মামলা, পুলিশের তদন্তে উঠে এল সড়ক দুর্ঘটনার তথ্য

অবশ্যই পরুন

জুলাই আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলার তদন্তে ভিন্ন তথ্য পেয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাদী জাফর আহমেদ আন্দোলনের সময় হামলায় আহত হননি, বরং সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। পারিবারিক মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে শিক্ষক, কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের আসামি করে মামলাটি করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের ১৫ মার্চ আদালতে মামলাটি করেন জাফর আহমেদ। এতে ১৩ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলার অধিকাংশ আসামির বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়।

এজাহারে জাফর আহমেদ অভিযোগ করেন, ২০২৪ সালের ২৮ জুলাই সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হন তিনি। এ সময় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যাওয়ার পর তাঁকে আবারও মারধর করা হয় বলে দাবি করেন তিনি। এতে জ্ঞান হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় ৫ আগস্টের পর তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। আসামিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তাঁদের কয়েকজন ঘটনার সময় ঢাকায় ছিলেন বলে দাবি করেন বাদী।

গত ৩০ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান জানান, তদন্তে জুলাই আন্দোলনে আহত হওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ২৮ জুলাই সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজধানীর বিজয় সরণি মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন জাফর আহমেদ। দুর্ঘটনার পর তিনি এক পরিচিতজনকে ফোন করে মোটরসাইকেলটি বাসায় পৌঁছে দিতে বলেন। হাসপাতালে ভর্তিসংক্রান্ত চিকিৎসা নথি ও জুলাই আন্দোলনের গেজেট পর্যালোচনা করেও আন্দোলনে আহত হওয়ার দাবির পক্ষে প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, জাফর আহমেদের বাবা ১৯৭০ সালে মাদারীপুরের শিবচরে আল-জামিয়াতুল ইসলামিয়া কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুর পর প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব নিয়ে জাফরের সঙ্গে তাঁর মা, বড় ভাই ও শিক্ষকদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে স্বজন ও স্থানীয়রা তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিলে কয়েকজন শিক্ষকের সঙ্গে তাঁর বিরোধ আরও বাড়ে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মাদ্রাসার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং শিক্ষক-কর্মচারীসহ প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছিল। এজাহারে উল্লেখ করা তারিখে আসামিদের কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলেও তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

মামলার ৪ নম্বর আসামি ও মাদ্রাসার শিক্ষক হেলাল উদ্দিন বলেন, তাঁরা বাদীর বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষকতা করছেন। তাঁর দাবি, জাফর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হুইলচেয়ারে মাদ্রাসায় এলে তাঁরাই তাঁকে ধরে দোতলায় তুলে দিয়েছিলেন। ব্যক্তিগত বিরোধের কারণে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও আর্থিক ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাঁদের অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ